বার্তা সংস্থা আবনা : ইরানের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা বুমেরাং হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মিখাইল মালুফ মন্তব্য করেছেন। তিনি আরো বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মার্কিন নীতির প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে। মার্কিন নিষেধাজ্ঞায় উল্টো ফল হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ওপর এ নিষেধাজ্ঞার কোনও প্রভাব পড়েনি। মিখাইল মালুফ আরো বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ও ইসরাইলি হুমকির পরও ইরান পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।
মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে অভিযোগ করছে, ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে।
সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিশ্বের সব পরমাণু বোমা ধ্বংসের আহ্বান জানিয়ে বলেছেন, ইরান কখনোই এ ধরণের বোমা তৈরির পরিকল্পনা করেনি।সেই সঙ্গে তিনি এও বলেছেন, ইরান যদি পরমাণু বোমা তৈরির পদক্ষেপ নিত তবে বিশ্বের কোনো শক্তিই তা ঠেকিয়ে রাখতে পারত না। 'ইরানকে কোনো অব্স্থায়ই পরমাণু বোমা বানাতে দেয়া হবে না'- বলে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে বক্তব্য রাখেন তার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা এ মন্তব্য করেন।# রেডিও তেহরান